২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রেনে হামলা, চালকসহ আহত ৩

নেত্রকোণায় ছাদ ও ইঞ্জিনের ওপর উঠতে না দেওয়ায় ট্রেনে কয়েক যুবকের হামলায় চালকসহ তিনজন আহত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 07:24 PM

Updated : 25 Jul 2022, 09:34 PM

সোমবার বিকালে ঢাকা-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোণা কোর্ট রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনে এ হামলার ঘটনার পর মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে নেত্রকোণা বড় রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাহাবউদ্দিন জানিয়েছেন।

আহতরা হলেনট্রেনটির চালক এনায়েত হোসেন, সহকারী চালক এ এম এল জাহাঙ্গীর ও সুপারভাইজার মোফাজ্জল হোসেন ।

এদের মধ্যে এনায়েত হোসেন ও এ এম এল জাহাঙ্গীরকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সাহাবউদ্দিন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি নেত্রকোণা কোর্ট স্টেশনে পৌঁছলে কয়েক যুবক ইঞ্জিন ও ছাদে উঠতে গেলে চালকসহ রেলটির লোকজন বাধা দেয়। এ সময় তাদের কথা কাটাকাটি হয়।

“কিছু সময়ের মধ্যে ১০-১৫ যুবক দলবদ্ধ হয়ে ট্রেন চালক ও অন্যদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।”