২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটিটিআইয়ে ভাতাসহ বিনামূল্যে প্রশিক্ষণ, পরে চাকরি

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) কর্তৃপক্ষ সামরিক ও বেসামরিক নারী-পুরুষকে ভাতাসহ বিনা টিউশন ফিতে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন চাকরির সংস্থান করে দিচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 05:58 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) অঙ্গনে প্রতিষ্ঠানটি অবস্থিত।

রোববার টিটিটিআইয়ের ১৫তম সেশনের কোর্স সম্পন্নকারীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান একথা জানান।

অনুষ্ঠানে টিটিটিআইয়ের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আছয়াদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। 

আছয়াদুর রহমান জানান, ২০০৯ সালের ১জুন টিটিটিআই যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ট্রেড কোর্সে প্রায় ছয় হাজার নারী-পুরুষকে বিনা টিউশন ফিতে প্রশিক্ষণ ও মাসিক ৭০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের দেশ-বিদেশে চাকরির সংস্থানও করে দেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমান সেশনে (১জুলাই-৩১ডিসেম্বর) ৮৮৮জন শিক্ষার্থী আটটি বিভিন্ন ট্রেড কোর্স শেষ করেছেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৬৩ জন সামরিক, ২৭ জন বিজিবি, ১০ জন ভিডিপি এবং ৫৮৮ জন লোক ছিলেন।

এ সেশনে একজন মহিলাসহ ১৩১ জন প্রশিক্ষণার্থী সেনাবাহিনীতে চাকরির সুযোগ পেয়েছেন। এছাড়া ৮৫ জন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন এবং আরও ২০০ জনের চাকরি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আগামী সেশন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে একটি প্রকল্পে চারটি সেশনে তিনমাস মেয়াদী ১২০০ জন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের প্রতিজনকে মাসে তিন হাজার ১২০ টাকা করে বৃত্তি দেওয়া হবে এবং সফল প্রশিক্ষণ শেষে সকলের চাকরির ব্যবস্থা করা হবে।

গত বছর এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০ জন কাতারে চাকরি পেয়েছে বলে জানান তিনি।