রাজশাহী নগরীর ৫ সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী নগরীর পাঁচটি সরকারি স্কুলে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দুদিনে কয়েক দফায় এ পরীক্ষা শেষ হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব ও রাজশাহী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা জানান, রোববার সকাল ১০টায় শুরু হয় ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা। বিকালে হবে তৃতীয় শ্রেণির পরীক্ষা।
সোমবারও পরীক্ষা হবে বলে জানান তিনি।
প্রতিদিনের জন্য আলাদা প্রশ্নপত্র রাখা হয়েছে বলে জানান তিনি।
তৌহিদ আরা বলেন, এ বছর তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ৯১০টি আসনের জন্য ১১ হাজার ৫৪৬টি আবেদন জমা পড়েছে।
ভর্তির ক্ষেত্রে নয় শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পাঁচ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর সন্তানদের জন্য দুই শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে দুই শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।
