সিরাজগঞ্জে আঞ্চলিক ইজতেমা শেষ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শহরের কাটাওয়াদায় যমুনা নদীর তীরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় মুসলিম উম্মাহ এবং দেশ ও জনগণেল কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মাওলানা জোবায়ের আহম্মেদ।
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।
আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য ভোর থেকেই ইজতেমামুখী মানুষের স্রোত শুরু হয়। এ সময় শহরে প্রবেশের সকল রাস্তায় যানবাহন চলাচলে বন্ধ করে দেওয়া হয়। মানুষ হেঁটে ইজতেমা ময়দানে যেতে থাকে।
ইজতেমা ময়দান কানায়কানায় পূর্ণ হয়ে গেলে পাশের বাঁধ, রাস্তা-ঘাট ও নদীর তীরে মানুষের ভিড় জমে যায়।
সিভিল সার্জন অফিস ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের টিম ইজতেমায় আগতদের স্বাস্থ্য সেবা প্রদান করে। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ পৗরসভা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে স্বেচ্ছায় সহযোগিতা করা হয়।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় সাদা পোশাকে ও পোশাকধারী ছয় শত পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এছাড়াও র্যাব ও অন্যান্য সংস্থার লোকজনও নিরাপত্তার দায়িত্বে ছিল। ইজতেমা মাঠে পুলিশ কন্টোল রুম ও সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। চলাচলে সুবিধার জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করেন।
মোনাজাতের অংশ নেওয়ার আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “লাখো মুসল্লির সঙ্গে মোনাজাতে অংশ নেওয়ার জন্য এখানে এসেছি। সফলভাবে ইজতেমা শেষ হওয়ায় আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
