২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু না হলে ফের আন্দোলন: মওদুদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বিএনপির জন্য একটি ‘পরীক্ষা’ হলেও সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য তা ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 09:17 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

এই সিটি নির্বাচনের ভোট সুষ্ঠু না হলে নারায়ণগঞ্জ থেকে ফের সরকারবিরোধী আন্দোলন শুরুরও হুমকি দেন তিনি।

শনিবার বিকালে সিটি নির্বাচনে বিএনপির মেয়র পদের প্রার্থী সাখাওয়াত হোসেনের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রচারণায় এসে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক পথসভায় এসব কথা বলেন মওদুদ।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমাদের জন্য যেমন একটি পরীক্ষা, তেমনি সরকার ও নির্বাচন কমিশনের জন্য একটি অগ্নিপরীক্ষা। নির্বাচন সুষ্ঠু হবে কি না তা দেখার জন্য দেশ-বিদেশের সব মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

“গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে এই নারায়ণগঞ্জ থেকেই সেই আন্দোলনের সূচনা আবার হবে।”

মওদুদ অভিযোগ করে বলেন, “অতীতের সব নির্বাচনগুলোতে দেখেছি নির্বাচনের আগের দিন পর্যন্ত সরকারের নেতারা সুষ্ঠুভাবে করার আশ্বাস দেন। তবে নির্বাচনের আগের দিন রাতে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং অর্থ বিলিয়ে নানা রকমের অনিয়মের মাধ্যমে জোর করে নির্বাচনে জয় লাভের চেষ্টা করে।”

নির্বাচনে দলীয় প্রর্থী সাখাওয়াৎ হোসেনকে বিজয়ী করতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

পথসভা শেষে মওদুদ আহমেদ হেঁটে লিফলেট বিতরণ করেন এবং দলীয় প্রার্থী সাখাওয়াতের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালাম, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস দুলু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনির।

এর আগে দুপুরে সাখাওয়াতের পক্ষে প্রচারে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য গাজী মাজহারুল আনোয়ারসহ জাসাসের কেন্দ্রীয় নেতারা। তারা নগরীর ডিআইটি এলাকায় সাখাওয়াতের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং মিছিল করেন।