২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়নাতদন্তের জন্য বগুড়ার সেই নবজাতকের লাশ উত্তোলন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাড়িয়ে দেওয়া অন্তঃসত্ত্বা নারীর নবজাতক সন্তানের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

শনিবার ১৭ দিন পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিকের উপস্থিতিতে গাড়ীদহ ইউনিয়নের স্কুলপাড়ার কবরস্থান থেকে নবজাতকের লাশ তোলা হয় বলে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আহমেদ জানান।

গত ৩০ নভেম্বর ওই নবজাতককে সেখানে দাফন করা হয়।

নবজাতকের বাবা ইলিয়াস হোসেন বলেন, “গত ২৯ নভেম্বর শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের কারণে কেন্দ্রের বাইরে গাছের নিচে সন্তান প্রসব করে আমার স্ত্রী। পরে আমার বাচ্চাটি মারা যায়।”

ময়নাতদন্তের জন্য ঘটনার ১৭ দিন পর কবর থেকে তার লাশ তোলা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা বুলবুল বলেন, লাশ তুলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়ার পর মাঠে সন্তান প্রসব এবং নবজাতকের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে আসার পর গত ১ ডিসেম্বর ব্যাখ্যা জানতে চেয়ে শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেছুর রহমান ও নার্স সুষমা রানীকে তলব করে হাই কোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

পুরনো খবর:

শেরপুরে অন্তঃসত্ত্বা নারীকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা
অন্তঃসত্ত্বাকে ‘তাড়ানোর ঘটনা’ তদন্তে কমিটি