নাটোরে বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে ২ অটো আরোহী নিহত
নাটোরের সিংড়ায় বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে দুই অটোরিকশা আরোহী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোলার বাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান।
নিহতরা হলেন উপজেলার চৌগ্রাম এলাকার মৃত তায়েজ উদ্দিনের স্ত্রী জাহিদা বেগম (৬৫) ও ছোট চৌগ্রামের মৃত জনাব আলীর ছেলে উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়নের স্ট্যান্ড লিডার আবু কালাম প্রামানিক (৩৬)।
ওসি বলেন, জোলারবাতা এলাকায় নাটোরগামী বিআরটিসির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে যাত্রী জাহিদা বেগম ও অটো আবু কালাম প্রামানিক নিহত হন।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
