খাস জমি দখল নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নাটোরের নলডাঙ্গা উপজেলায় খাস জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছে অন্তত সাত জন।
শনিবার উপজেলার খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান।
নিহত আব্দুস সামাদ মোল্লা (৪৫) উপজেলার চাঁদপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে। তিনি সোহরাব হোসেনের সমর্থক ছিলেন।
আহতদের নাটোর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোস্তফা বলেন, উপজেলার হালতিবিলে ১১ একর খাস জমি দখল নিয়ে খলিলুর এবং সোহরাবের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। শনিবার বেলা ১১টার দিকে বিরোধ পূর্ণ ওই জমি দখল করতে যায় সোহরাবের সমর্থকরা।
“এসময় খলিলুরের সমর্থকরা বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়।
আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সোহরাবের সমর্থক আব্দুস সামাদ মোল্লার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
