২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার থেকে ১৯০ রোহিঙ্গা ফেরত

কক্সবাজারের নাফ নদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টার সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ১৯০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 01:23 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল, জাদিমুরা ও কাঞ্জরপাড়া সীমান্ত পয়েন্ট থেকে শনিবার ভোরে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার ভোরে তিনটি পয়েন্টে শূন্যরেখা অতিক্রম করে ১৯টি নৌকায় করে আসা রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশে আসার চেষ্টা করে।

“প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। সেই হিসেবে ১৯টি নৌকায় ১৯০ জনের বেশি রোহিঙ্গাকে ছিল। বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।”

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ চেষ্টার সময় রোহিঙ্গাবাহী ১০২টির বেশি নৌকা ফেরত পাঠানো হয় বলে জানান মেজর রাসেল।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তবু সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কিভাবে হত‌্যা-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গা।