বিজয় দিবসের খাবার নিয়ে ইবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৬
বিজয় দিবসের খাবার বিতরণ নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে এ ঘটনা ঘটে বলে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান।
আহতদের মধ্যে জসীম ও মিজান নামে দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে সংঘর্ষে এ ঘটনায় ছাত্রলীগ নয়, বহিরাগতরা জড়িত বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার।
প্রক্টর অধ্যাপক মাহবুবর বলেন, বিজয় দিবসে অনুষ্ঠানে প্রত্যেকটি হলের ডাইনিংয়ে খাবার বিতরণ শুরু করে হল প্রশাসন।
“দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল শাখার ছাত্রলীগের সহ-সভাপতি নওশাদ তার কয়েকজন কর্মী নিয়ে খাবার বিতরণস্থলে এসে টোকেন ছাড়া খাবার চান।
“খাবার বিতরণের দায়িত্বে থাকা ওই হলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক সাগর তাদের খাবার দিতে অস্বীকৃতি জানায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ছয়জন আহত হন।”
এ বিষয়ে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত বলেন, “কিছু বহিরাগত অছাত্র ছাত্রলীগের নাম দিয়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।”
ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
