গাজীপুরে সেপটিক ট্যাংকে স্কুলছাত্রের লাশ
গাজীপুরে নিখোঁজের আট দিন পর সেপটিক ট্যাংকে এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে, যে স্থানীয় একটি ইটভাটায় কাজও করত।
শুক্রবার সিটি করপোরেশনের কারখানা বাজার থেকে আতিকুর রহমানের (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। আতিকুর বিপ্রবর্থা এলাকার আব্দুল রশীদের ছেলে।
গত শুক্রবার রাতে ‘দেওয়ান ব্রিকস’ নামের ইটভাটায় কাজে গিয়ে আর ফেরেনি আতিক।
ওই ঘটনায় গ্রেপ্তার তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
জয়দেবপুর থানার এআই মো. রাজিব শেখ জানান, গত শুক্রবার রাতে কারখানা বাজার এলাকার ‘দেওয়ান ব্রিকস’ নামের ইটভাটায় কাজের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছিল আতিক। এরপর বুধবার রাতে আতিকের বাবা জয়দেবপুর থানায় একটি মামলা করেন।
মামলায় দেওয়ান ব্রিকসের মালিক বিপ্রবর্থার মো. হেলাল দেওয়ানের ছেলে মো. ইমরান দেওয়ান (৩৫), আব্দুর বারেকের ছেলে ট্রাক চালক আব্দুল আলিম (২৮), শাহজাহানের ছেলে মো. শফিকুল ইসলাম (২২), মারফত আলীর ছেলে মো. শাহিন (২৫) ও মীরেরগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে খোরশেদ আলমকে (২২) আসামি করা হয়েছে।
এআই রাজিব জানান, এ ঘটনায় সোমবার ইট পরিবহনে ব্যবহৃত ট্রাকের চালক আব্দুল আলিম, শ্রমিক মো. শফিকুল ইসলাম ও খোরশেদ আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইলিয়াস রহমানের আদালতে ১৪৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান এসআই রাজিব।
গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, তিন আসামি স্বীকার করেছেন যে, ৯ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় ইট নামানোর সময় ইটের সঙ্গে আতিক মাটিতে পড়ে যায়। এরপর শরীর ঠাণ্ডা হয়ে যাওয়ায় সে মারা গেছে বলে মনে করেন তারা। বিষয়টি ইটভাটার মালিক ইমরান দেওয়ানকে জানালে তিনি লাশ বস্তায় ভরে ইটভাটায় নিয়ে যেতে বলেন। মালিকের কথামতো তারা আতিকের মরদেহ বস্তায় ভরে ট্রাকসহ ইটভাটায় নিয়ে যান। সেখান থেকে ভাটা মালিক তাদের চলে যেতে বলেন।
পরে আতিকের মরদেহ কী করা হয়েছে তা তারা জানেন না, বলেন রবিউল।
এসআই রাজিব জানান, শুক্রবার ভোরে কারখানা বাজারের একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক নারী সেপটিক ট্যাংক থেকে পচা গন্ধ পান এবং বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে এলাকাবাসী ও আতিকের বাবা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
দুপুরে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, আটকদের দেওয়া তথ্যানুযায়ী বুধবার ওই ইটভাটায় অভিযান চালানো হয়েছে। ইটভাটার মালিক ইমরান ও ম্যানেজার রফিকুল ইসলামকে সেখানে পাওয়া যায়নি।
