২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকানে শীতের পিঠা না থাকার জের: কক্সবাজারে হামলায় আহত ৩

কক্সবাজার শহরে ফুটপাতের এক দোকানে শীতের পিঠা না থাকার জেরে হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন; পুলিশ জব্দ করেছে হামলাকারীদের একটি মোটরসাইকেল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 12:48 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

শহরের ক্যাংপাড়ার রাখাইন পল্লীতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম।

আহতরা হলেন ওই এলাকার সুইয়ে রাখাইন (৫৬), আউমং রাখাইন (৩৮) ও মাধুং রাখাইন (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রহিম বলেন, ক্যাংপাড়ায় এক নারী শীতের পিঠা বানিয়ে বিক্রি করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক যুবক এসে পিঠা চায়। কিন্তু পিঠা তখন শেষ হয়ে গেছে। নতুন করে তৈরির উপাদানও ছিল না।

“যুবকটি পিঠা না পেয়ে ওই নারীর ওপর চড়াও হয়। স্থানীয়দের বাধার মুখে ফিরে গেলেও পরে ১৫-২০ জনের একটি দল নিয়ে এসে হামলা চালায়। এতে ওই এলাকার তিনজন আহত হয়। তাদের মধ্যে পায়ে ও মাথায় ছুরিকাহত সুইয়ে রাখাইনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান এসআই রহিম।

তিনি বলেন, “স্থানীয়দের প্রতিরোধের ফলে হামলাকারীরা একটি মোটরসাইকেল ফেলে যায়। পুলিশ সেটি জব্দ করেছে।”

ওই এলাকার বাসিন্দা ক্যাজঅং রাখাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো উস্কানি ছাড়াই অজ্ঞাতপরিচয় যুবকরা রাখাইন পল্লীতে হামলা চালিয়েছে। হামলার আগে তারা অকথ্য ভাষায় গালাগালও করে।”

ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই রহিম।