আশুলিয়ায় শিশুর মৃত্যু, পল্লী চিকিৎসক গ্রেপ্তার
আশুলিয়ার জিরানী এলাকায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার জিরানী বাজারের পাশে টেংগুরী এলাকা থেকে পল্লী চিকিৎসক মমতাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁর মান্দা উপজেলার শিয়াডা গ্রামের মৃত গণির মোল্লার ছেলে।
বুধবার রাতে মারা যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে নুরুজ্জামান (৯)। সে পরিবারের সঙ্গে টেংগুড়ি এলাকায় থাকত। কোনাপাড়া টেংগুরী দারুল উলূম কওমী মাদ্রাসার মক্তব শাখার শিক্ষার্থী ছিল।
আশুলিয়া থানার ওসি মহাসিনুল কাদির বলেন, ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ পেয়ে পল্লী চিকিৎসক মমতাজ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। বিষযটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের বাবা জয়নাল আবেদীন জানান, কয়েকদিন ধরে তার ছেলে ঠাণ্ডা ও কাশিতে ভুগছিল। বুধবার রাতে অসুস্থার মাত্রা বেড়ে যাওয়ায় মমতাজুল ইসলামকে বাসায় ঢেকে আনা হয়।
“তিনি দুটি ইনজেকশন ও ওষুধ দেওয়ার কিছুক্ষণ পরই অবস্থার অবনতি ঘটে। তখন দ্রুত গণস্বাস্থ্য নগর কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নুরুজ্জামানের বাবা জয়নাল আবেদীন হকার এবং মা মর্জিনা বেগম পোশাক শ্রমিক। তিন ভাই-বোনের মধ্যে নুরু ছিল সবার বড়।
