২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরপিতে খাদিজার অবস্থা ‘উন্নতির দিকে’

ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা শরীরের বাম অংশের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সাভারের পক্ষাঘাত গ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 07:57 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য জানান।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। ধারালো অস্ত্রের আঘাতে তার মস্তিষ্কে জখম হয়।

ঢাকার স্কয়ার হাসপাতালে তিন দফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হলেও খাদিজার শরীরের বাঁ পাশে স্বাভাবিক সাড়া পাচ্ছিলেন না।

এ কারণে গত ২৮ নভেম্বর থেকে সাভারের সিআরপিতে নিউরোলজিস্ট সাইদ উদ্দিন হেলালের অধীনে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হেলালকে উদ্ধৃত করে শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদিজার শরীরের বাঁ পাশে স্বাভাবিক সাড়া না পাওয়া এখনও পুরোপুরি সারেনি, তবে ৫/১০ গজ করে হাঁটতে পারেন। হাতও নড়াচড়া করে।

“মাথার ইনজুরি মাত্র কাটিয়ে উঠেছে, তাকে আস্তে আস্তে সারিয়ে তোলার চেষ্টা চলছে। অবস্থা উন্নতির দিকে।”

খাদিজা শিগরিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন সিআরপির এ কর্মকর্তা।