১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহ পর দোকান খুললেন লালন অনুসারী

নেত্রকোণায় একটি ‘মৌলবাদী গোষ্ঠীর’ হুমকিতে দুই সপ্তাহ বন্ধ রাখার পর এক ‘লালন অনুসারী’ তার ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন পুলিশ ও স্থানীয়দের সহায়তায়।

লাভলু পাল চৌধুরী

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 05:15 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

পুরনো খবর:

নেত্রকোণায় লালন অনুসারীদের ‘মুরতাদ’ আখ‌্যা দিয়ে লিফলেট

কেন্দুয়া উপজেলার চিরাং বাজারে স্বর্ণের দোকান ‘সেতু শিল্পালয়’ গত ১ ডিসেম্বর থেকে বন্ধ থাকে।

বুধবার সন্ধ্যার পর স্থানীয় মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এর স্বত্বাধিকারী নূরে আলম দোকান খোলেন।

বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার গগডা গ্রামের বাসিন্দা নুর আলম। গত ১৮ বছর ধরে তিনি বাড়িতে থেকে দোকানটি চালিয়ে আসছেন।

নূরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজার মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, কবিরুল ইসলাম কবীর ও  আবু তাহের মিলকী ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে সেতু শিল্পালয়ে আসেন।

এ সময় তারা নূরে আলমকে ‘লালন শাহ’ ও ‘তরিকতে আহলে বাইত বাংলাদেশ’ এর পথ ছেড়ে তওবা করতে  বলেন। তা না হলে বাজার ছেড়ে চলে যেতে বলেন, অভিযোগ নূরে আলমের।

এরপর থেকে ভয়ে তিনি দোকান বন্ধ রাখেন বলে জানান।

তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে বাজারের বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে উপস্থিত থেকে দোকানটি খুলতে বলেন। এখন কোনো সমস্যা হচ্ছে না।

মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া বলেন, লালন শাহ অনুসারীদের উপর মৌলবাদী এই মহলটি নিপীড়ন চালাচ্ছে। এদের বিরুদ্ধে অযৌক্তিভাবে মিথ্যা অভিযোগ এনে সাধারণ ধর্মপ্রাণ মানুষদের ক্ষেপিয়ে তুলে এলাকায় অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে ওই মহলটি।

“গতকাল সন্ধ্যায় কেন্দুয়া থানার ওসি আমাকে বললে এলাকার ব্যবসায়ীদের সাথে নিয়ে দোকানটি খোলার ব্যবস্থা করি।”

কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, দোকান বন্ধের কথা জানার সঙ্গে সঙ্গে দোকানটি খোলার উদ্যোগ নিই। দ্রুত সময়ের মধ্যেই বুধবার রাতে দোকানটি খোলা হয়।

আবু তাহের মিলকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজার মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, কবিরুল ইসলাম কবীর এবং তিনি নিজে নূরে আলমকে হুমকি দেননি। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।