২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার রুপালি চরে সবুজ বিপ্লব

এক সময়ের পশুচারণ ভূমি রংপুরের তিস্তা পারের চরে এখন বারো মাস ফলে নানা রকম ফসল; বদলে গেছে চরবাসীর পেশাও। আগে যারা মাছ ধরত এখন তারা চাষী।

রংপুর প্রতিনিধি

শাহজাদা মিয়া আজাদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 10:18 AM

Updated : 11 Oct 2022, 09:27 PM

চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোনো সবজির চাষ কেবল শুরু হচ্ছে, কোনোটা তোলার অপেক্ষা, কোথাওবা তুলে বাজারে পাঠানো হচ্ছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ ম আশরাফ আলী জানান, এ জেলায় তিস্তার চরে এখন ৩৪ প্রকার ফসলের আবাদ হয়।

“স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। গত বছর মালয়েশিয়ায় রপ্তানি করা হয় পাঁচ হাজার মেট্রিকটন মিষ্টিকুমড়া ও স্কোয়াশ।”

কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহের বাসিন্দা আব্দুল কুদ্দুস এখন দস্তুরমতো চাষী।

“পাঁচ বছর আগেও নদীতে মাছ মারি সংসার চালাইচি। তিন বছর ধরি চরের জমিত ধান, মিষ্টিকুমড়া, আলু ও ভুট্টা আবাদ করার পর থাকি সংসারে অভাব নাই। তিন ছেলেমেয়ে স্কুলে লেখাপড়া করে।”

হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ বলেন, “চরে আর অভাবী মানুষ নেই। চাষাবাদ করে চরের বাসিন্দারা স্বাবলম্বী হয়েছে।”

প্রতি শীতে আলু ও মরিচ চাষ করেন চর পল্লীমারীর বাসিন্দা আলফাজ উদ্দিন। গত বছর আলু ও মরিচ আবাদ করে তিন লাখ টাকায় বিক্রি করেন বলে জানান।

“এবারও আলু আর মরিচ নাগাচি, ফলনও ভাল হবার নাগচে,” বলেন আলফাজ উদ্দিন।

ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাপারিরা এসে সবজি পাইকারি দরে মাঠ থেকেই কিনে নেন বলে জানালেন গঙ্গাচড়া উপজেলার চর মর্নেয়ার বাসিন্দা আনোয়ার হোসেন।

তিনি বলেন, গত বছর তিনি দুই একর জমিতে মিষ্টিকুমড়া আর দুই একর জমিত স্কোয়াশ আবাদ করে ভাল লাভ পেয়েছেন।

তবে যোগাযোগ ব্যবস্থার এখনও তেমন উন্নতি হয়নি বলে চরবাসীর অভিযোগ।

মর্নেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, “চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। ভারী যানবাহন আসতে পারে না। যোগাযোগ ও বিপণন ব্যবস্থা ভাল হলে চাষীরা ভাল মূল্য পেত।”

তিস্তার চরে এখন ধান, আলু, পাট, গম, ভুট্টা, সরিষা, মুগ ডাল, মশুর ডাল, মাষকালাই, খেসারি, পিঁয়াজ, রসুন, ধনিয়া, মৌরি, মরিচ, তিল, তিশি, কালোজিরা, কাউন, চিনাবাদাম, তামাক, শালুক, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, ঢেঁড়স, মিষ্টিকুমড়া, স্কোয়াশ, কলা, আখ প্রভৃতি চাষ হচ্ছে।

জমি উঁচু করে পেয়ারা ও কুলবাগানও করা হচ্ছে। 

কৃষি কর্মকর্তা আশরাফ আলী বলেন, কয়েক বছরের ব্যবধানে তিস্তার চরে কৃষি বিপ্লব ঘটে গেছে। চরের জমিতে ৩৪ প্রকারের ফসলের চাষাবাদ হচ্ছে। ফলনও হচ্ছে ভালো। জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন।

“মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা চরের কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন। এছাড়া উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের বলা হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছেন।”