গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ, ৪ যুবক আটক
নিখোঁজের ছয় দিন পরও গাজীপুরের এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি।
আতিকুর রহমান (১৫) স্থানীয় বিপ্রবর্থা এলাকার আব্দুর রশিদের ছেলে। সে কাউলতিয়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিয়ে স্থানীয় ইটভাটা ‘দেওয়ান ব্রিকস’-এ কাজ করত।
শুক্রবার রাতে ইটভাটার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় আতিকুর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ট্রাকচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো- ট্রাক চালক আব্দুল আলিম (৩২), ইটভাটার শ্রমিক খোরশেদ আলম (২২), শাহিনুর রহমান (২২) ও শফিকুর রহমান টাইগার (২৩)।
গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফারুক আহম্মেদ বলেন, আতিকের সঙ্গে থাকা ওই চার যুবককে সোমবার দুপুরে ডেকে স্থানীয়দের নিয়ে সালিশ করা হয়। এ সময় তারা একেকবার একেক তথ্য দিলে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান আটক যুবক ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, আটকদের সঙ্গে আতিকুর রহমান একটি ইটের ট্রাকসহ ঢাকা যায়। পরে ঢাকার আজিমপুরে ইট আনলোড করার সময় ‘ট্রাকের ডালার আঘাতে’ আতিক মারা যায়।
পরিদর্শক মাহমুদুল বলেন, “আটক শাহীনুর পুলিশকে জানান- আতিকের লাশ গাজীপুর এনে ইটভাটার মালিক ইমরান দেওয়ানের কাছে হস্তান্তর করেন তারা।”
ইমরান দেওয়ান লাশটি ইটভাটার কোথাও গুম করে থাকতে পারেন বলে ধারণা শাহীনুরের, বলেন মাহমুদুল।
মাহমুদুল জানান, ইটভাটায় অভিযান চালানো হয়েছে। ইটভাটার মালিক ইমরান ও ম্যানেজার রফিকুল ইসলামকে সেখানে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
