‘প্রেমিকের স্বজনের মারধরে’ তরুণীর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কথিত প্রেমিকের স্বজনদের পিটুনিতে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার ধরজামতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত খাদিজা খাদিজা খাতুন (১৮) চৌহালী উপজেলার এনায়েতপুর থানার ঝাউপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে।
আটকরা হলো ধরজামতৈল গ্রামের ইব্রাহিম হোসেন (৬২), রফিকুল ইসলাম (৩০), রমজান আলী (২৫) এবং এনায়েতপুরের ঝাউপাড়ার ভোলা (৩০) ও ইসমাইল হোসেন (৬০)।
এ ঘটনায় খাদিজার ভাই সবের আলী শেখ বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন।
খাদিজার পরিবারের বরাত দিয়ে এনায়েতপুর থানার ওসি রাশেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদিজার সঙ্গে ঝাউপাড়া গ্রামের ইউসুফ আলীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি খাদিজা বিয়ের জন্য চাপ দিলে ইউসুফ তা প্রত্যাখ্যান করেন।
“মঙ্গলবার সকালে খাদিজা পাশের শাহজাদপুর উপজেলার ধরজামতৈল গ্রামে ইউসুফ আলীর বোনের শ্বশুরবাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টির একটি সমাধান করতে বলেন। এ নিয়ে কথাকাটাকাটির জেরে ইউসুফের স্বজনরা খাদিজাকে মারপিট করে গুরুতর আহত করে।
“খবর পেয়ে খাদিজার বাবা ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
ওসি রেজাউল জানান, সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে ইউসুফ আলীর পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। তবে ইউসুফ পালিয়ে গেছেন।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, ঘটনাস্থল শাহজাদপুর উপজেলায় হওয়ায় এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে।
খাদিজার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
