গাইবান্ধায় চিনিকলের খামারের বেড়া ভাংচুর
গাইবান্ধায় সাঁওতালদের উচ্ছেদ করার পর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার ঘিরে তৈরি কাঁটাতারের বেড়ার ২৬টি পিলার ভেঙে ফেলার খবর পাওয়া গেছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ২৬টি পিলার ভেঙে ফেলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
“খামার সংলগ্ন জয়পুর গ্রামের দক্ষিণ অংশের এই পিলারগুলো ভাংচুর অবস্থায় পড়ে থাকতে দেখে মঙ্গলবার সকালে স্থানীয়রা চিনিকল কর্তৃপক্ষকে খবর দেয়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।”
সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি মিল কর্তৃপক্ষ ইজারা দিলে সেখানে ধান ও তামাক চাষ করা হয়; যা অধিগ্রহণের চুক্তিবিরোধী বলে দাবি করে জমির দখল ফিরে পেতে আন্দোলনে নামেন সাঁওতালরা। তারা সেখানে কয়েকশ ঘর তুলে বসবাস শুরু করেন।
গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।
উচ্ছেদ হওয়া সাঁওতালরা অনেকে ফিরে যান খামারের পাশে মাদারপুর গ্রামের স্থায়ী নিবাসে। অনেকে আশ্রয় নেন একই গ্রামের গির্জার সামনে।
ঘটনার দুই দিন পর ৮ নভেম্বর থেকে চিনিকল কর্তৃপক্ষ খামার ঘিরে ওই গ্রামের পাশে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে। ইতোমধ্যে প্রায় দুই কিলোমিটার এলাকায় রড-সিমেন্টের পিলারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
বেড়া ভাঙা সম্পর্কে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার বলেন, খামারের উপ-ব্যবস্থাপক হুমায়ুন কবির জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
এর আগের গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ চক্রবর্তী সংঘর্ষের ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ চার সাঁওতালকে গ্রেপ্তার করার পর তারা জামিনে মুক্তি পান।
অন্যদিকে হামলা, অগ্নিসংযোগ, লুট ও উচ্ছেদের ঘটনায় গত ১৬ নভেম্বর স্বপন মুরমু নামে একজন অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা এখন কারাগারে।
এরপর গত ২৬ নভেম্বর সাঁওতালদের পক্ষে ক্ষতিগ্রস্ত থোমাস হেমব্রম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে ৫০০-৬০০ জনের বিরুদ্ধে আরেকটি এজাহার দাখিল করেন, যা এখনও তদন্তাধীন আছে বলে পুলিশের ভাষ্য।
