ফেনীতে মা-শিশু নিহতের ঘটনায় মামলা
ফেনীতে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তান নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, মঙ্গলবার বিকালে প্রবাসীর শ্যালক আনোয়ার হোসেন মাসুম অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন।
সোমবার সন্ধ্যায় শহরের পশ্চিম উকিলপাড়ার একটি বাসা থেকে ইতালি প্রবাসী তারেক আহমেদের স্ত্রী মর্জিনা আক্তার মুক্তা, তাদের মেয়ে তাসনীম আহমেদ ও ছেলে মহিনের লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ফেনী সদর হাসপাতাল তিনজনের ময়নাতদন্ত শেষে হয়েছে। মামলার বাদী আনোয়ার ও তার বোন মৃত মুক্তার ব্যবহৃত মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রাশেদ।
ময়নাতদন্তকারী চিকিৎসক অসীম কুমার সাহা বলেন, “ময়নাতদন্ত ছাড়াও ভিসেরা পরীক্ষার জন্য বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। যা চট্টগ্রামে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।”
ময়নাতদন্তে কী পাওয়া গেছে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হয়নি তিনি।
