সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
লালমনিরহাটের আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হওয়ার তিনদিন পর বাংলাদেশি এক যুবকের লাশ ফেরত দিয়েছে ভারত।
মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৪ মেইন পিলারের কাছে জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয় বলে জানান বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী।
দুর্গাপুর সীমান্তের ৯২৫ মেইন পিলারের পাশ দিয়ে রোববার ভারতের দুইশ গজ ভেতরে গরুসহ আটকের পর আসাদুল ইসলামকে (১৮) গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায় কোচবিহার জেলার সিংগীমারী ১০০ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ।
বিজিবি কর্মকর্তা বলেন, জিরো পয়েন্টে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের পর ভারতীয় পুলিশ-বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
বিজিবি হত্যাকাণ্ডে প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরণের হত্যাকাণ্ড ঘটবে না বলে আশ্বস্ত করে বলে জানান তিনি।
পরে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
