২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের কোন্দল: ধর্মঘটে রংপুরের শিক্ষানবিশ চিকিৎসকরা

শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের একটি কমিটির মেয়াদ শেষ না হতেই আরেক পক্ষ নতুন কমিটি গঠন করার জেরে হামলার ঘটনার পর কর্মবিরতিতে গেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 03:40 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

পরিষদের আগের কমিটির সাধারণ সম্পাদক আহমেদ উল কবীর বাঁধন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের কমিটির মেয়াদ শেষ না হতেই সোমবার সন্ধ্যায় ফারহান রহমানকে সভাপতি ও উত্তম দেবনাথকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করা হয়।

“ওই কমিটির নেতারা সোমবার রাত সাড়ে ১০টায় ডা. মিলন ছাত্রাবাসে গিয়ে বর্তমান কমিটির সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিবের কক্ষে ঢুকে অতর্কিত হামলা চালান। আহত রাকিব হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।”

মঙ্গলবার সকালে পরিষদের জরুরি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয় বলে জানান চিকিৎসকনেতা আহমেদ উল কবীর বাঁধন।

তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা ও সংঘর্ষে আহত মাহফুজুল হক তালুকদার রাকিবের চিকিৎসার ব্যয় নির্বাহসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জানিয়ে তিনি বলেন, বর্তমান কমিটির মেয়াদ ২০১৭ সালের মে মাসে শেষ হবে। তার আগে নতুন কমিটি গঠন সংগঠনের গঠনতন্ত্র-পরিপন্থী।

নতুন কমিটির ঘোষিত সভাপতি ফারহান রহমান বলেন, “কমিটির মেয়াদ এক বছর হলেও বিগত দিনে কমিটির নেতারা ছয় মাস করে দায়িত্ব পালন করতেন। সে অনুযায়ী আমরা সোমবার কমিটি করেছি।

“সোমবার রাতে ছাত্রাবাসে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গেলে রাকিব তার দলবল নিয়ে আমাদের কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামানের ওপর হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।”

নতুন কমিটি কর্মবিরতির বিরোধী জানিয়ে তিনি বলেন, “মঙ্গলবার সরকারি ছুটি। বুধবার থেকে আমরা দায়িত্ব পালন করব।”

হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। তারা ছয় দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। সংকট সমাধানের বিষয়ে আলোচনা চলছে।”