সিলেটে মুদ্রণ-সরঞ্জামের ১০ দোকানে আগুন
সিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে মুদ্রণযন্ত্রসহ সরঞ্জামের ১০ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এলাকা হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা গলিতে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুল বলেন, সকাল ৮টার দিকে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।”
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী কাবুল সাংবাদিকদের বলেন, আগুনে ১০টি কম্পিউটার, একটি মুদ্রণযন্ত্র, একটি কাটিং মেশিন ও বিভিন্ন আসবাবপত্রসহ ১০টি দোকান পুড়ে গেছে।
“এসব দোকানে নানা রকম মুদ্রণ-সরঞ্জাম ছিল। সব পুড়ে গেছে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।”
