জাবিতে ‘উন্নয়ন ফি’ বাতিল দাবিতে অবরোধের ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিভাগ উন্নয়ন ফি বাতিল না করায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করছে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোট নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সান বলেন, “বিভাগ উন্নয়ন ফি বাতিলের লক্ষ্যে মঙ্গলবার থেকে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ নেওয়া হবে এবং আগামী সোমবার থেকে লাগাতার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখা হবে।”
অলিউর বলেন, প্রশাসন তার অবস্থান থেকে এক চুলও সরেনি, বরং আন্দোলনকারীদের নৈতিক অবস্থানকে এড়ানোর জন্য ব্যাংক অবরোধের মতো ঘটনা এড়াতে অনলাইনে টাকা জমা নেওয়ার পদ্ধতি চালু করার মধ্য দিয়েই প্রমাণিত হয় বিভাগ উন্নয়ন ফি-এর প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের কোনো ‘নৈতিক অবস্থান’ নেই।
উন্নয়ন ফি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে উপস্থিত জোট নেতারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশ্ববিদ্যালয় নির্ধারিত নির্দিষ্ট ফি-এর বাইরে বিভাগুলোতে আলাদাভাবে নির্ধারিত উন্নয়ন ফি আদায় করা হয়। উন্নয়নি ফি বাতিলের দাবিতে গত ৮ ডিসেম্বর ব্যাংক অবরোধ করলে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে।
এরপর গত রোববার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় আগের নির্ধারিত ফি (আট হাজার টাকা) বহাল রেখেই ১৮ তারিখ থেকে পুনরায় ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে ফি বাতিল না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আবার আন্দোলনে নামার ঘোষণা দিল প্রগতিশীল ছাত্রজোট।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিকসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।
