২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তরুণ খামারিকে কুপিয়ে খুন

গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 02:07 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

নিহত শরীফুল ইসলাম পলাশ (২৫) ওই এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। পলাশ নিজ এলাকায় মাছ ও গরুর খামার করতেন।

জয়দেবপুর থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, রোববার রাতে পূর্বশত্রুতার জেরে পলাশকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত পলাশের স্ত্রী জুনি বেগম বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রয়োজনের কথা বলে পলাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় সুমন, মনির, জহিরুল, সাঈদ ও জীবন লস্কর।

“রাত ১০টার দিকে জহিরুল মোবাইল ফোনে আমাকে জানায়, দুর্বৃত্তরা তাদের মারধর করে পলাশকে ধরে নিয়ে গেছে। রাত ১১টার দিকে বাড়ির অদূরে একটি রাস্তার পাশের ক্ষেত থেকে পলাশকে জখম অবস্থায় উদ্ধার করা হয়।”

তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পলাশের স্ত্রী জুনি বেগম।

নিহতের বোন শিরিন আক্তার বলেন, “কয়েক বছর আগে স্থানীয় মনির আমার ভাইকে একটি জমি কিনে দেয়। মনির সম্প্রতি ওই জমি আত্মসাৎ করতে পলাশকে ভয়ভীতি দেখাচ্ছিল।”

এসআই আনোয়ার বলেন, “পলাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে। তার এক হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন করা হয়েছে।

“পূর্বশত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।”

এ ব্যাপারে সোমবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান এসআই আনোয়ার হোসেন।