২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের কারখানায় পোড়া মবিলের ড্রামে পড়ে শ্রমিক নিহত

ঢাকার  সাভার উপজেলায় পোড়া মবিল পরিশোধন কারখানায় ড্রামে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 12:51 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

উপজেলার হেমায়েতপুরের ঋষিপাড়া মহল্লায় ‘মিন অয়েলস লিমিটেড’ নামের কারখানায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাভার শিল্প পুলিশের পরিদর্শক হারুনুর রশিদ।

নিহত জাকির হোসেন (৩২) ছিলেন কারখানাটির সহকারী সুপারভাইজার। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

আহত সুপারভাইজার গোলাপ মিয়া ও শ্রমিক ঝন্টুকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক রশিদ বলেন, সকালে মেশিন পরিষ্কার করার জন্য সিঁড়ি দিয়ে বড় ড্রামের ভেতর নামছিলেন শ্রমিক ঝন্টু। এ সময় ড্রামের মবিলের ভেতর পড়ে গেলে তাকে উদ্ধার করতে যান সহকারী সুপার ভাইজার জাকির হোসেন ও সুপার ভাইজার গোলাপ মিয়া।

“তারা গ্যাসের দুর্গন্ধে অজ্ঞান হয়ে পড়েন। কারখানার শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই জাকির মারা যান।”

অন্য দুইজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক রশিদ।

কারখানাটির অনুমোদন আছে কিনা তা যাচাই করা হচ্ছে বলেও তিনি জানান।

কারখানার সহকারী প্ল্যান্ট কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কারখানাটিতে পোড়া মবিল পরিশোধন করা হয়। এখানে ৬০ জন শ্রমিক কাজ করেন।

কারখানার অনুমোদন আছে কিনা এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি।