ট্যাক্স কমানোর দাবিতে রাজশাহীতে হরতাল পালিত
রাজশাহী সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চারদফা দাবিতে একটি সামাজিক সংগঠনের ডাকে নগরীতে আধাবেলা হরতাল হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন জানান, রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালে মহানগর এলাকার দোকানপাট বন্ধ থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
হরতালের সমর্থনে সকাল থেকে ‘নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের’ নেতৃবৃন্দরা মাঠে থেকে স্থানীয় দোকান পাট বন্ধ রাখতে সবাইকে আহ্বান জানান।
পরে সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মার্কেটের সামনে একটি সমাবেশে অংশ নেন হরতাল আহ্বানকারী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের নেতারা।
পরিষদের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে ফরিদ মাহমুদ হাসান, জিয়াউল ইসলাম, মজিবুর রহমান দুলাল ও আনোয়ার হোসেন দিপকসহ অন্যনা বক্তব্য রাখেন।
সমাবেশে এনামুল হক বলেন, “রাজশাহী সিটি কর্পোরেশেন কর্তৃপক্ষ বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বাড়িয়ে নগরবাসীর জন্য নতুন বিপদ ডেকে এনেছে।”
“কোনো কোনো ক্ষেত্রে ১০-১২ গুণেরও বেশি ট্যাক্স বৃদ্ধির কারণে নগরীর বাসা-বাড়ির মালিকরাই শুধু নয়, ভাড়াটিয়ারাও বাসা ভাড়া বৃদ্ধির আশঙ্কায় রয়েছেন।”
এর প্রতিবাদে তারা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান এনামুন।
রাজশাহীর আটটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হরতালে সমর্থন দেয়। এর মধ্যে রয়েছে ব্যবসায়ী ঐক্য পরিষদ, মহানগর মেস মালিক সমিতি, হেরিটেজ রাজশাহী, আরডিএ মালিক সমিতি, নদী বাঁচাও আন্দোলন।
ওসি শাহাদত বলেন, নগরীর মার্কেটগুলো বন্ধ রেখে ব্যবসায়ীরা শান্তিপূর্নভাবে হরতাল পালন করেছে।
