২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না: রানা দাশগুপ্ত

বাংলাদেশের বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 09:59 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভায় এ মন্তব‌্য করেন তিনি ।

রানা দাশগুপ্ত বলেন, “পঞ্চদশ সংশোধনীর পরেও এই সংবিধানে বাংলাদেশ আছে, আবার পাকিস্তানও আছে। এই সংবিধানে যেমন ধর্মনিরপেক্ষতা আছে তেমনি ধর্মতন্ত্রও আছে।

“এখনও ৭২ এর সংবিধানে প্রত্যাবর্তন করা হয়নি। বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না। এই সংবিধান সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের পাহারাদার।”

যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ট্রাইব্যুনালের এ আইনজীবী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আন্তরিক না হতেন তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার দেখতাম না, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারও দেখতে পারতাম না।”

জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এস এম ইউসূফ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুর নূর, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর ভূইয়া প্রমুখ।