ফেনীতে শিশুর লাশ উদ্ধার, প্রতিবেশী আটক
ফেনীর দাগনভূঁইয়ায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের আবু আহাম্মদের ঘরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান দাগনভূঁইয়া থানার ওসি আসলাম উদ্দিন।
নিহত তাসলিমা জাহিন রিন্তি (৫) ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী পারুল আক্তারকে (৩৫) আটক করেছে পুলিশ।
নাসির উদ্দিন বলেন, শুক্রবার বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় রিন্তি। খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে দাগনভূঁইয়া থানায় সাধারণ ডায়রি করা হয়।
“শনিবার দুপুরে আবু আহাম্মদের ঘরের পাশে লাকড়ির স্তুপে রিন্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”
ওসি আসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে শিশুটিরর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
