২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো যুবকের লাশ

গাজীপুরে দাফনের তিন মাস পর আদালতের নির্দেশে কবর থেকে এক যুবকের লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2016, 03:38 PM

Updated : 20 Aug 2022, 02:26 PM

জয়দেবপুর থানার এসআই আবু জাফর মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শিবলীর উপস্থিতিতে সোহাগের (৩০) লাশ তোলা হয়।

সোহাগ গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকার মুক্তিযোদ্ধা ওসমান গণির ছেলে।

এসআই জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের ২৯ অগাস্ট ভাওয়াল মির্জাপুর এলাকার রাস্তার পাশ থেকে সোহাগের লাশ উদ্ধার করা হয়। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার পরিবারের সদস্যরা এমন ধারণা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে।

“পরে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন যে- সোহাগকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পিটিয়ে হত্যার পর ওই স্থানে ফেলে রাখা হয়েছিল।”

তিনি বলেন, এ ঘটনায় সোহাগের বাবা ওসমান গণি গাজীপুর আদালতে মামলা করলে বিচারক জয়দবপুর থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করার এবং সোহাগের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মামুন শিবলী জানান, তিনি মঙ্গলবার আদালতের ওই আদেশ পেয়েছেন। পাওয়ার পর বৃহস্পতিবার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।