২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিজেদের ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2016, 12:46 PM

Updated : 20 Aug 2022, 02:26 PM

উপজেলার ইব্রাহিমপুর কুমারপাড়ার বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করা হয় বলে জানান নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ।

নিহতরা হলেন কুমারপাড়ার মিঠুন পাল (২৮) ও তার স্ত্রী বিউটি রানী (২০)।

ওসি ইমতিয়াজ পরিবারের বরাত দিয়ে বলেন, প্রায় আট মাস আগে বিয়ের পর মিঠুন ও বিউটি ভারতের ত্রিপুরায় যাওয়ার পর গত সপ্তাহে ফিরে আসেন।

“বৃহস্পতিবার ভোরে বিউটি ঘরদোর ঝাড়ু দেওয়ার পর শাশুড়ি তাকে কুমোর-কাজের জন্য মাটি তৈরি করে দিতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিউটি নিজের ঘরে ফিরে যান। পরে তার সাড়া না পেয়ে খোঁজ নিতে গিয়ে পরিবারের সদস্যরা স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়।”

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি ইমতিয়াজ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।