অনুপ্রবেশ চেষ্টাকালে আট নৌকা, ৮৬ রোহিঙ্গাকে ফেরত
মিয়ানমারে সেনা অভিযানের মুখে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটটি নৌকাসহ অন্তত ৮৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
বুধবার ভোরে ও সকালে টেকনাফের নাফ নদীর জলসীমার তিনটি পয়েন্ট ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার পর রাখাইন রাজ্যে দেশটির সেনা বাহিনীর অভিযান শুরু হলে রোহিঙ্গারা জীবন বাঁচাতে পালিয়ে নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছে।
প্রতিদিন বিভিন্ন সীমান্তে বিজিবির সদস্যরা রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠালেও বিভিন্ন ফাঁক-ফোকর গলে বাংলাদেশে ঢুকে পড়ছে তারা।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আটটি নৌকায় করে রোহিঙ্গারা নাফ নদীর জাদিমুরা, লেদা ও ফুলের ডেইল পয়েন্ট দিয়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা নৌকাগুলো ফেরত পাঠায়।
“ প্রতি নৌকায় ১০ থেকে ১২ জন নারী ও শিশুসহ অন্তত ৮০ জন রোহিঙ্গা ছিল।”
এছাড়া ভোরে ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ছয় রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়ছে বলে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান।
মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গারা কয়েক যুগ ধরে বাংলাদেশে আসছিল। বর্তমানে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশ।
বিজিবির নজদারির মধ্যেও বহু রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন পথে বাংলাদেশে ঢুকছে। আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কীভাবে হত্যা-নির্যাতন-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গারা।
