পদ্মার দুই ঘাটে ৪ ঘণ্টা পর ফেরি চলা শুরু
ঘন কুয়াশায় ঢেকে থাকায় পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
বুধবার ভোর ৫টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, বুধবার ভোর ৫টার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ সম্পূর্ণ ঢাকা পড়লে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
“সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করে।”
ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছিল বলে জানান এজিএম খালেদ।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলা শুরু হয় সোয়া দুই ঘণ্টা পরে।
দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
“সকাল ৯টা ৫ মিনিটে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলা শুরু হয়।”
কুয়াশার কারণে মাঝনদীতে যাত্রীসহ গাড়িবোঝাই তিনটি ফেরি ও দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছিল বলে তিনি জানান।
