ফেনীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়ায় অস্ত্রসহ একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামের ফোরম্যান বাড়ি থেকে ৩৩ বছর বয়সী ফয়েজ আহম্মদ নামের ওই যুবককে আটক করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান।
ওই এলাকার মজল হকের ছেলে ফয়েজের বিরুদ্ধে সশস্ত্র হামলা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের একাধিক মামলা রয়েছে বলে জানান ফাহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র্যাবের এ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়।
“পরে তার ঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগজিন, নয় রাউন্ড কার্তুজ, একটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করে।”
ফয়েজের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফাহিম।
