সাঁওতালদের মাছের দাবি, নাকচ মিল কর্তৃপক্ষের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামারে চাষ করা ধান পাওয়ার পর পাঁচটি পুকুরে থাকা মাছের দাবি তুলেছে সাঁওতালরা। একইসঙ্গে ট্রাক্টর দিয়ে পিষে দেওয়া শস্যের ক্ষতিপূরণও চায় তারা।
তবে মিল কর্তৃপক্ষ বলছে, সাঁওতালরা মাছ চাষ করেনি; করেছে মিল কর্তৃপক্ষ।
গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের ওই খামারের জমিতে আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিনজন সাঁওতাল নিহত হন। এতে তীরবিদ্ধ হয় ৯ পুলিশ এবং গুলিবিদ্ধ হন চারজন সাঁওতাল। এছাড়া উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনার পর একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট চিনিকল কর্তৃপক্ষক ও স্থানীয় প্রশাসনকে সাঁওতালদের চাষ করা ধান বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
এ পর্যন্ত এক হাজার ১০০ মণ ধান তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
সাহেবগঞ্জ ইক্ষু খামারের ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির কোষাধ্যক্ষ রাফায়েল হাঁসদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দফায় গত ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৩৯৭ বস্তা এবং দ্বিতীয় দফায় শনিবার ও রোববার ১৫৩ বস্তা ধান দেওয়া হয়েছে।
প্রতি বস্তায় দুই মণ হিসাবে মোট ধানের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১০০ মন, বলেন তিনি।
তিনি আরও বলেন, “ধান তো পেলাম; কিন্তু খামারের পাঁচটি পুকুরে আমাদের চাষ করা বিভিন্ন প্রজাতির মাছগুলোর কী হবে। চিনিকল কর্তৃপক্ষ তো ওই মাছ বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
“এছাড়া সরিষা, কলাই, শাক-সবজিসহ অন্য ফসলগুলো যা চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে পিষে জমিতে মিশিয়ে দিয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে?”
এ ব্যাপারে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাঁওতালরা এই পাঁচ পুকুরে কোনো মাছ চাষ করেনি। মিল কর্তৃপক্ষ ওই পুকুরগুলোতে মাছ চাষ করেছে।
এছাড়া উচ্ছেদের পর খামারের কোনো জমিতে পাট, সরিষা, কলাই ও শাক-সবজিসহ অন্য কোনো ফসলের চিহ্ন ছিল না বলে দাবি এই কর্মকর্তার।
এর আগে সাঁওতালরা কোন অধিকারে পুকুরগুলো থেকে মাছ মেরে খেত জিজ্ঞেস করা হলে চিনিকল এমডি বলেন, “ওই সময় তারা জোর করে মার মারত।”
সাঁওতালদের চাষ করা ধান তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন ওই জমিতে পর্যায়ক্রমে ইক্ষু রোপণ করা হবে বলে জানান এমডি আউয়াল।
১৯৬২ সালে গোবিন্দগঞ্জের ওই এলাকায় সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তোলে। সম্প্রতি চিনিকল কতৃপক্ষ ওইসব জমি লিজ দিলে তাতে ধান-পাটসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়। এ কারণে চিনিকলের বিরুদ্ধে অধিগ্রহণের চুক্তি ভঙ্গের অভিযোগ এনে প্রায় দুই বছর আগে সাঁওতাল ও স্থানীয় কিছু বাঙালি হিন্দু-মুসলমান অধিগ্রহণ করা তাদের বাপ-দাদার জমি ফেরত পওয়ার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করে।
এক পর্যায়ে তারা চলতি বছরের ১ জুলাই ওই ইক্ষু খামারে বসতি স্থাপন করে একশ একর জমিতে ধান এবং প্রায় আটশ একর জমিতে মাস কালাই, সরিষা ও পাট চাষ করে। এর আগে ৫টি পুকুরে মাছ চাষের বিষয়ে কিছু জানা না গেলেও সাঁওতালদের দাবি, পুকুরগুলোতে তারাই মাছ চাষ করেছে। খামারের বাকি জমিতে ছিল মিলের আখ ক্ষেত।
গত ৬ নভেম্বরের সংঘর্ষের পর মাস কালাই, সরিষা ও পাটসহ বিভিন্ন ফসল পিষে মাটিতে মিশিয়ে দেওয়া হয়।
উচ্ছেদ হওয়া সাঁওতালদের মধ্যে অনেকেই পার্শ্ববর্তী সাঁওতাল পল্লীতে তাদের আগের বাড়িতে চলে যায়। আর যারা চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে বাড়িঘর বিক্রি করে এসেছিল তারা স্থানীয় গির্জার মাঠ ও পরিত্যক্ত একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
