২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাদিজা হত্যাচেষ্টা মামলা: প্রথম দিনে ১৭ জনের সাক্ষ্য

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সাভার প্রতিনিধি

সিলেট ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 03:15 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সোমবার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান বলেন, বেলা ১১টায় মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুসের জবানবন্দি নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় আলোচিত মামলাটির সাক্ষ্য গ্রহণ।

“পরে বেলা ২টা পর্যন্ত এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জিসহ ঘটনার প্রত্যক্ষদর্শী ও খাদিজার সহপাঠীরা মিলে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মোট ১৭ জন সাক্ষ্য দেন।”

আগামী ১১ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে বলে জানান পিপি মাহফুজুর রহমান।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্ক জখম হয়।

ঢাকার স্কয়ার হাসপাতালে তিন দফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হন খাদিজা। শরীরের বাঁ পাশ স্বাভাবিক সাড়া না দেওয়ায় চিকিৎসার জন্য স্কয়ার থেকে তাকে পাঠানো হয় সাভারের সিআরপিতে।

সিআরপিতে খাদিজার চিকিৎসার দায়িত্বে থাকা নিউরোলজিস্ট সাইদউদ্দিন হেলাল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাদিজার অবস্থা উন্নতির দিকে।

তিনি এর বেশি কিছু জানাতে চাননি।

খাদিজার ওপর হামলাকারী বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাছলয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তাকে ঘটনাস্থল থেকে ধরে তখনই পুলিশে দেয় জনতা।

ঘটনার পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। বদরুলকে বিশ্ববিদ্যালয় ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

মামলার তদন্তে নেমে খাদিজাকে কোপানোর ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। বদরুল নিজেও অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ পরান থানার এসআই হারুনুর রশিদ ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন। সেখানে ৩৬ জনকে সাক্ষী করা হয়।

গত ২৯ নভেম্বর আদালতে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।