টেকনাফে ৮৬ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, রোববার রাত ১১টার দিকে টেকনাফের নাফ নদী সংলগ্ন জাদিমুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
“মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকা জাদিমুরা ঘাটে ভেড়ার পর পাচারকারীরা বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যায়। ওই নৌকায় পলিথিনের একটি বস্তায় ৮৬ হাজার ইয়াবা বহন করছিল পাচারকারীরা।”
উদ্ধার করার পর ইয়াবাগুলো টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আবুজার।
