টঙ্গীতে জোড় ইজতেমায় আরেক মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর জোড় ইজতেমায় আসা আরেক মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ইজতেমা ময়দানে ইসমাইল হোসেনের (৭০) মৃত্যু হয়। তার বাড়ি খুলনার লবঙ্গচড়ক থানার জিন্নাহপাড়া গ্রামে।
এ নিয়ে ইজতেমায় আসা দুই মুসল্লির মৃত্যু হলো।
শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। এতে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নিচ্ছেন।
“শনিবার সকাল ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”
ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, বাদজোহর ইজতেমা ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। স্বজনরা লাশ গ্রামের বাড়ি না নেওয়ায় ময়দানের নির্ধারিত কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে জোড় ইজতেমায় আসা নোয়াখালীর আমিরুল ইসলাম (৫৫) শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর বাটা গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় গুরুতর আহত হন। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
