উত্তরাঞ্চলে ট্রাক-লরি ধর্মঘট স্থগিত
উত্তরের ১৬ জেলায় অনির্দিষ্টকালের ট্রাক-লরি ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল মান্নান আকন।
সন্ধ্যার পর থেকে পরিবহনগুলো চালানোর জন্য গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আহ্বান জানান তিনি।
পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আব্দুল মান্নান আকন বলেন, তাদের সাত দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট স্থাগিত করা হয়েছে। তবে দাবি মানার আশ্বাস বাস্তবায়ন না হলে পরবর্তিতে আবার ধর্মঘট শুরু হবে।
কতদিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে তা তিনি না বললেও বৈঠকে আগামী ১/২ মাসের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয় বলে জানান মান্নান।
“দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা ধর্মঘট স্থাগিতের ঘোষণা দেয়।”
দাবিগুলো হলো- ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান, পিকআপের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ, এসব যানবাহনে বাম্পার সাইড অ্যাঙ্গেল ও হুক একতরফাভাবে খোলার সরকারি আদেশ প্রত্যাহার, ট্যাক্স টোকেন, ফিটনেন্স, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ, বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং নতুন ড্রাইভিং লাইসেন্স ও হেভি লাইসেন্স সহজ শর্তে প্রদান।
