ফুলবাড়িয়ায় ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারীকরণ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজনের মৃত্যুর পাঁচ দিন পর ধর্মমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত রেখে ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কলেজে আসতে দেখা গেছে।
কলেজ সরকারীকরণ আন্দোলন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান এস এম আবুল হাসেম বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ধর্মমন্ত্রী মতিউর রহমানের বৈঠকে আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে ফিরেছেন।
এর আগে ধর্মমন্ত্রী বলেছিলেন, বৈঠকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষের পদত্যাগসহ এক মাস আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে কলেজ জাতীয়করণের বিষয়ে সুপারিশ করারও সিদ্ধান্ত হয়।
গত রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারী সফর আলী (৭০) মারা যান।
এ ঘটনায় আগামী দুই-তিন দিনের মধ্যে মামলা করা হবে বলে জানিয়েছেন আন্দোলন কমিটির আহ্বায়ক আবুল হাসেম।
শোক মিছিল
দুপুরে নিহতদের স্মরণে শহরে এক শোক মিছিল বের করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতৃসহ এলাকাবাসী কালো ব্যাচ ধারণ করে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
মিছিলটি সদর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে সমাবেশ করে।
সমাবেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে:
শুক্রবার মসজিদে দোয়া, শনিবার শোকসভা ও রোববার শোক মিছিল বের করা হবে।
