২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় আহত বেনাপোল বন্দরের আনসার সদস্য নিহত

বেনাপোল স্থলবন্দরে ‘চোরচক্রের’ হামলায় আহত এক আনসার সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 09:47 AM

Updated : 12 Apr 2022, 03:26 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকালে তার মৃত্যু হয়। নিহত ফিরোজ হাসান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বকশিপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

শার্শা উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা শ্যামপ্রসাদ অধিকারী জানান, গত ২৬ অক্টোবর বন্দর থেকে আমদানিপণ্য চুরির সময় খোকন ও তৌহিদ নামে দুই চোরকে আট কেজি তামাজাতীয় পণ্যসহ আটক করেন কর্তব্যরত আনসার সদস্য ফিরোজ হাসান।

“কিছুদিন পর তারা জামিন পায়। ১৫ নভেম্বর সন্ধ্যার দিকে বন্দরের ১৪ নম্বর শেডের সামনে দায়িত্বপালনের সময় চোরচক্রের আট-দশ জনের একটি দল হাতুড়ি দিয়ে ফিরোজের ডান পায়ে এবং মাথায় এলোপাতাড়ি আঘাত করে।”

স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান আনসার কর্মকর্তা শ্যামপ্রসাদ।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ঘটনায় আনসার ব্যাটালিয়নের এপিসি আব্দুর রশিদ চারজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি কেউ এলাকায় নেই। তবে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।