সরাইলে ‘কালীকচ্ছ সম্মিলনী’র অনুষ্ঠান ১-২ ডিসেম্বর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘কালীকচ্ছ সম্মিলনীর’ দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে বৃহস্পতিবার।
কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনীর পঞ্চম মিলনমেলা অনুষ্ঠিত হবে।
এতে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় ও ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্রকরসহ দুদেশের খ্যাতিমান লোকজন উপস্থিত থাকার কথা রয়েছে।
শতাধিক অতিথি বুধবার দুপুরে কালীকচ্ছে এস পৌঁছেছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনীর আহবায়ক সাংসদ জিয়াউল হক মৃধা জানান, সরাইল উপজেলার ঐতিহ্যবাহী কালীকচ্ছ গ্রামের এককালের অনেক বাসিন্দা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করছেন।
তিনি জানান, তারা ২০০৯ সালে ‘কালীকচ্ছ সম্মিলনী’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের উদ্যোগে ২০০৯ সালে কলকাতায় প্রথম, ২০১০ সালে ত্রিপুরায় দ্বিতীয়, ২০১১ সালে কলীকচ্ছ গ্রামে তৃতীয় এবং ২০১৫ সালের ত্রিপুরায় চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।
“এবারের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।”
জিয়াউল হক বলেন, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের এই সম্মেলন উৎযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানসূচিতে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, কবিতা আবৃতি এবং ভারত ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান।
