আশুগঞ্জ থেকে সার উত্তোলন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হাবিবুর রহমানকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন ডিলাররা।
আশুগঞ্জ সারকারখানা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও চাঁদপুর জেলার ৭৪৮ জন ডিলার বুধবার সকাল থেকে সার উত্তোলন বন্ধ রাখেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, হাবিবুর রহমানের মাধ্যমে ৫০ কেজি ওজনের বস্তায় ৪৫ কেজি সার সরবরাহ করা হচ্ছে। এছাড়া নিম্নমানের সার সরবরাহ করা হচ্ছে।
হাবিবুর রহমানকে প্রত্যাহার, সঠিক ওজন ও মানসম্মত সার সরবরাহ না করলে ডিলাররা উত্তোলন করবেন না বলে জানান সভাপতি রুহুল আমিন।
তিনি বলেন, বিষয়টি মন্ত্রণালয়, বিসিআইসি ও কারখানা কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলে কর্তৃপক্ষ প্রথমে হাবিবুর রহমানকে প্রত্যাহার করে। পরে মঙ্গলবার আবারও তাকে স্বপদে বহাল করে।
“এ অবস্থায় বুধবার সকাল থেকে সাত জেলার ৭৪৮ জন ডিলার সার উত্তোলন বন্ধ করে দেন।”
এ বিষয়ে আশুগঞ্জ কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান বলেন, হাবিবুর রহমানকে বিসিআইসির নির্দেশেই পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। আর ডিলারদের দাবি নিয়ে আলোচনা চলছে।
