সাত খুনে নূর হোসেনসহ ৩ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেন, মাসুদ রানা ও মিজানুর রহমান দিপুর পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।
মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২৩ আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
এ নিয়ে ৩৫ আসামীর মধ্যে মোট ৩৩ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হলো।
বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ধার্য আছে।
বেলা ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নূর হোসেনের পক্ষে তার আইনজীবী খোকন সাহা যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর নূর হোসেনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার অপর আইনজীবী লুৎফর রহমান আকন।
পরে তিনি নূর হোসেনের গাড়ি চালক আসামি মিজানুর রহমান দিপুর পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেন।
র্যাবের চাকুরিচ্যুত কর্মকর্তা মাসুদ রানার পক্ষে তার অ্যাডভোকেট ফরহাদ আব্বাস যুক্তিতর্ক উপস্থাপন শুরু করলেও তা শেষ হয়নি। বুধবার আবার করা হবে।
নূর হোসেনের আইনজীবীরা আদালতকে বলেন, এই মামলায় ১০৬ জন সাক্ষীর কেউই বলেননি অপহরণের সময় থেকে শুরু করে লাশ গুম হওয়া পর্যন্ত তারা নূর হোসেনকে দেখেছেন। এমনকি নূর হোসেনের টাকায় র্যাব সদস্যরা ৭ জনকে অপহরণ ও হত্যা করেছে সাক্ষীদের এমন কথার কোনো দালিলিক প্রমাণ মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থাপন করতে পারেননি। তিনি ৭ জনকে হত্যার ঘটনাস্থল চিহ্নিত করতেও পারেননি।
মিজানুর রহমান দীপুর পক্ষে অ্যাডভোকেট লুৎফর রহমান আকন বলেন, মিজানুর রহমান গাড়ি চালাতে পারে না। তিনি কখনও নূর হোসেনের গাড়ি চালক ছিলেন না। তিনি যে নূর হোসেনের গাড়ির চালক ছিলেন তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই।
নারায়ণগঞ্জের আদালতে নেওয়ার পথে তারেক সাঈদ (ফাইল ছবি)
যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় মাসুদ রানার পক্ষে তার আইনজীবী যুক্তি উপস্থান অসমাপ্ত রেখেই বক্তব্য শেষ করেন।
আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, নূর হোসেন ও মিজানুর রহমান দীপুর পক্ষে তাদের আইনজীবরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেছেন। তবে মাসুদ রানার পক্ষে তার আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শুরু করলেও শেষ করতে পারেননি।
আদালত বুধবার আবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন বলে তিনি জানান।
২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ তার পাঁচ সহযোগীকে অপহরণ করা হয়।
ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলা শান্তির চর এলাকার তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় অন্য মামলাটি দায়ের করেন।
