২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অটোরিকশা চালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন

বগুড়ায় যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করে এক চালককে হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

মঙ্গলবার বিকালে বগুড়ার জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদরের ধোপাপাড়া চণ্ডিদাশগাতির ইউসুফ আলী ওরফে ছোট ইউসুফ (২৩) ও সেলিম হোসেন (২৬), একই উপজেলার সরাই চণ্ডিপুর গ্রামের শফিকুল ইসলাম (২৪) ও কামরুল ইসলাম (২৯) এবং সরাই চণ্ডি খন্দকারপাড়ার মাসুম হোসেন (৩৩) ও ইউসুফ আলী ওরফে বড় ইউসুফ (২৭)।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের দণ্ড দেওয়া হয়েছে।

মামলা নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৮ জুলাই রাতে বগুড়ার সাতমাথায় নিজের অটোরিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন শহরতলীর বড় কুমিড়া গ্রামের মিনহাজুল আবেদীন। এ সময় সিরাজগঞ্জ যাওয়ার কথা বলে আসামিরা অটোরিকশা ভাড়া করে। এরপর চালকের দুপাশে দুজন এবং চারজন পেছনের সিটে ওঠে।

শাজাহানপুর উপজেলার সাজাপুর মসজিদপাড়া এলাকায় যাওয়ার পর যাত্রীবেশে ওঠা আসামিরা পেছন থেকে গামছার ফাঁস দিয়ে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যায়।

পরদিন সকালে স্থানীয় মাঠে অজ্ঞাত লাশ উদ্ধার হলে মাঝিড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আবদুল গফুর বাদী শাজাহানপুর থানায় মামলা করেন। পরে সংবাদ পেয়ে মিনহাজুলের বাবা আবদুল হামিদ গিয়ে লাশ শনাক্ত করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবদুল মতিন।