২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ময়মনসিংহের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও অন্তত নয়জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 11:36 AM

Updated : 12 Apr 2022, 03:25 AM

মঙ্গলবার সকাল পোনে ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল পোনে ১০টার দিকে ময়মনসিংহ শহরের শিকারীকান্দা এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে এক মা ও তার শিশুমেয়ের মৃত্যু হয়; এ দুর্ঘটনায় আহত হয় আরও দুইজন।

নিহতরা হলেন - জামালপুর সদর উপজেলার কেবির চর গ্রামের সুমন মিয়ার স্ত্রী শাপলা বেগম (২২), ও তার শিশুমেয়ে সুবর্ণা আক্তার শান্তি (২)।

দুর্ঘটনায় আহত হন নিহত শাপলার স্বামী সুমন মিয়াসহ অজ্ঞাতনামা আরও একজন।

ওসি কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পোনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

“এ সময় জামালপুরমুখী একটি পিকআপ এসে ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপের যাত্রী এক মা ও তার শিশুমেয়ে ঘটনাস্থলেই মারা যায়।”

দুর্ঘটনায় পিকআপের যাত্রী সুমনসহ দুইজন আহত হলে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি কামরুল।

অপরদিকে জেলার ভালুকা উপজেলার ভরাডোবা-ফুলবাড়িয়া সড়কের উথুরায় ট্রাকচাপায় এক অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ।

তিনি বলেন, সকাল ১০টার দিকের এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হলে তাদের স্থানীয় স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।