২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস চাপায় পুত্র নিহত পিতা আহত

বগুড়া শহরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে; আহত হয়েচেন তারা বাবা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 11:07 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

সোমবার দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াইব হোসেন (১০) সদর উপজেলার সাবগ্রাম চানপাড়া গ্রামের সবুজের ছেলে। সোয়াইব শহরের ড. নূর ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র কেজির ছাত্র ছিল।

সদর থানার নারুলী ফাঁড়ির টিএসআই সফিকুল ইসলাম জানান, সবুজ মোটরসাইকেল নিয়ে ছেলে সোয়াইবকে স্কুলে দিতে যাচ্ছিলেন। রাস্তা পারাপারকালে রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ নামের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোয়াইব মারা যায়।

“এ সময় সবুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।”

টিএসআই সফিকুল জানান, বাসটির সঙ্গে মোটরসাইকেলটি আটকে যায়। এতে দুর্ঘটনা স্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাঁশবাড়িয়া যাওয়ার পর বাসটি থেমে যায়। এসময় মোটরসাইকেলের ট্যাংকে বিস্ফোরণে আগুন ধরে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। বাসটি আটক রয়েছে বলে টিএসআই সফিকুল জানান।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাবের হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ড. নূর ওয়ার্ল্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা নুর হোসেন জানান, নিহত স্কুল ছাত্র সোয়াইব হোসেন তার প্রতিষ্ঠানের জুনিয়র কেজি শ্রেণির ছাত্র। বেলা সাড়ে ১১টা থেকে তার ক্লাস ছিল।