২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতালদের ওপর হামলা: এমপির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় সাঁওতালদের উচ্ছেদের মামলার আসামি সাংসদ আবুল কালাম আজাদ ও স্থানীয় এক ইউপি চেয়ারম্যানসহ অন্যদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

রংপুর প্রেসক্লাবের সামনে সোমবার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে এই দাবি জানান পরিষদের নেতা-কর্মীরা।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের প্রত্যক্ষ ইন্ধনে সাঁওতালদের হামলা চালিয়ে তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়।

সরেন অভিযোগ করেন, ইন্ধনদাতাদের গ্রেপ্তার না করে উল্টো তাদের রক্ষার চেষ্টা করছে পুলিশ।

কর্মসূচিতে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমরম, জেলা কমিটির সাধারণ সম্পাদক যোয়াকিম খালকো, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাক্কানী, জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য দেন।

গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমির দখলকে কেন্দ্র করে গত ৬ নভেম্বর পুলিশ ও চিনিকল-শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন সাঁওতাল নিহত হয়েছে। আহত হন আরও অনেকে।

১৯৬২ সালে এই জমি সাঁওতালদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়। জমিতে আখ চাষ না করলে তা সাঁওতালদের ফেরত দেওয়ার কথা ছিল দাবি করে তারা। ওই জমিতে কয়েক বছর ধরে ধান চাষ করা হলে এ বছর সেখানে ফিরে এসে সাঁওতালরা ঘর তুলে বসবাস শুরু করে। গত ৬ নভেম্বর এই দখলকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়।