২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাককর্মীর মৃত্যুর গুজবে সড়ক অবরোধ

গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক পোশাক কারখানার কর্মচারীর নিহতের গুজবে গাড়ি ভাংচুর ও আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সহকর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 04:54 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সোমবার সিটি করপোরেশনের নলজানী এলাকার ঢাকা-গাজীপুর সড়কের সামনে টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহত মো. মামুন (৩২) ওই কারখানার লিংকিং ডিস্ট্রিবিউটর। তাকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর পৌনে ২টার দিকে কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি বাস মামুনকে চাপা দেয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বাসটিকে আটক করে বলে জানান তিনি।  

এদিকে বাস চাপায় মামুনের মুত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা কারখানার পাশের রাস্তায় নেমে ওই বাসটিতে আগুন দেয়।

ওসি বলেন, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করলে চান্দনা-চৌরাস্তা-গাজীপুর অংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। 

“প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকর পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।”  

এ ঘটনার পর নলজানী এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

কারখানার নিরাপত্তা সুপারভাইজার মতিউর রহমান জানান, মামুনকে গাজীপুর হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তার মৃত্যুর খবর ঠিক নয়।