২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি ভোটে সেনাবাহিনী লাগবে না: রিটার্নিং কর্মকর্তা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে মনে করেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

রোববার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে নিজের অস্থায়ী কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে এ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছিল বিএনপি। তবে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির এই দাবির বিপক্ষে মত দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান বলেন, “যখন সেনাবাহিনী লাগবে সেটি পরিস্থিতিই বলে দেবে। এখন লাগবে না, এই মুহূর্তে লাগবে না।”

নির্বাচনে পথসভা ও ঘরোয়া সভা করা গেলেও জনসভা, মিছিল এবং শোভাযাত্রা নিষেধ বলে জানান তিনি।

এ নির্বাচন কর্মকর্তা বলেন, “যদি আপনারা (প্রার্থীরা) এসব করেন তাহলে আমি কিন্তু ব্যবস্থা নেব। যদি কোনো প্রার্থী মনে করেন নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে, তাহলে সুর্নিদিষ্টভাবে লিখে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট হবে।

রোববার মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানসহ আটজন মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আগামী ৪ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।